অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলছে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা। এ ধরনের প্রতারণা থেকে অস্ট্রেলিয়াগামীদের সতর্ক করেছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন।
শনিবার (৮ আগস্ট) এক বার্তায় অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের ভিসা ও মাইগ্রেশন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সঠিক পরামর্শের জন্য অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে।
হাইকমিশনের বার্তায় বলা হয়, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিছু ভুয়া মাইগ্রেশন এজেন্ট প্রতারণা করছে। ফলে অস্ট্রেলিয়ায় যাওয়ার পরিকল্পনাকারীদের যেকোনো এজেন্টের মাধ্যমে মাইগ্রেশন বা ভিসা প্রক্রিয়া শুরু করার আগে তার নিবন্ধন ও বৈধতা যাচাই করা প্রয়োজন।
অস্ট্রেলিয়ায় মাইগ্রেশন সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার একটি নির্ভরযোগ্য উপায় হিসেবে নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের সেবা নেওয়ার কথা জানিয়েছে হাইকমিশন। এসব নিবন্ধিত এজেন্ট বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন।
এ ছাড়া অস্ট্রেলিয়ার ভিসা ও মাইগ্রেশন সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে একজন অস্ট্রেলীয় আইনজীবীর পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।
অস্ট্রেলিয়ায় পড়াশোনা, কাজ বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আবেদনকারীদের ভুয়া প্রতিশ্রুতি ও প্রতারণামূলক অফারের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো আর্থিক লেনদেন বা ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বৈধতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
