তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

tarique-rahman-saudi-crown-prince-mohammed-bin-salman-invitation

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। বিষয়টি প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন নিশ্চিত করেছেন।

সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণের মূল লক্ষ্য দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরির বিষয়টিও আমন্ত্রণপত্রে গুরুত্ব পেয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে তিনি অংশ নেবেন, নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার ও দ্বিপক্ষীয় অংশীদার। দুই দেশের মধ্যে শ্রম, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর হলে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।