পর্তুগালে অনলাইনে নবায়ন করা সিটিজেন কার্ড নিতে হবে নিজেকেই

portugal citizen card collection rules

পর্তুগালে অনলাইনে নবায়ন করা সিটিজেন কার্ড সংগ্রহ করতে হবে কার্ডধারীকে নিজেই। লিখিত অনুমতিপত্র দিলেও তাঁর হয়ে পরিবারের সদস্য, বন্ধু বা অন্য কেউ সেবা কাউন্টার থেকে কার্ডটি নিতে পারবেন না। পর্তুগালের বিচারবিষয়ক সরকারি পোর্টাল Justiça.gov.pt-এ এই নিয়ম উল্লেখ রয়েছে।

দেশটির নিবন্ধন ও নোটারি ইনস্টিটিউট—আইআরএন জানিয়েছে, স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা সিটিজেন কার্ডের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। তবে অন্য প্রক্রিয়ায় আবেদন করা কার্ড নির্দিষ্ট শর্তে অনুমোদিত ব্যক্তি সংগ্রহ করতে পারেন।

তৃতীয় ব্যক্তির মাধ্যমে কার্ড সংগ্রহের সুযোগ থাকলে কার্ডধারীর স্বাক্ষর করা নির্ধারিত ঘোষণাপত্র প্রয়োজন হয়। যিনি কার্ড নিতে যাবেন, তাঁকে নিজের বৈধ পরিচয়পত্র এবং কার্ডধারীর পিন চিঠি বা সেটি পাওয়ার প্রমাণ দেখাতে হবে। আইআরএনের ওয়েবসাইটে এ-সংক্রান্ত নির্দেশনা ও ফরম পাওয়া যায়।

বাসায় ডাকযোগে কার্ড পাঠানোর ক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক কার্ডধারীকে নিজে তা গ্রহণ করতে হয়। আইআরএনের নির্দেশনা অনুযায়ী, পর্তুগালের ডাকসেবা প্রতিষ্ঠান সিটিটি বাসায় কিংবা ডাকঘরে কার্ডটি কেবল সংশ্লিষ্ট ব্যক্তির হাতেই তুলে দেয়। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চিঠিতে নাম উল্লেখ থাকা ব্যক্তি কার্ড গ্রহণ করতে পারেন।

কাউন্টার থেকে কার্ড নিতে সঙ্গে রাখতে হবে নিবন্ধিত ঠিকানায় পাঠানো পিন চিঠি। এতে কার্ড সংগ্রহের স্থান এবং ইলেকট্রনিক পরিচয় যাচাই ও ডিজিটাল স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় কোড থাকে। ফলে কার্ড সংগ্রহের পরও চিঠিটি সংরক্ষণ করা প্রয়োজন।

অনুমোদিত ক্ষেত্রে অন্য কেউ কার্ড সংগ্রহ করলেও তিনি কার্ডধারীর হয়ে শাভ মোভেল ডিজিটাল বা ডিজিটাল স্বাক্ষরের সনদ চালু করতে পারেন না। এসব সেবা সক্রিয় করার জন্য কার্ডধারীকে সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

সেবা কাউন্টার থেকে নতুন সিটিজেন কার্ড সংগ্রহের সময়সীমা আবেদনের তারিখ থেকে এক বছর। এই সময়ের মধ্যে সংগ্রহ না করলে কার্ডটি আর নেওয়া যাবে না; নতুন করে আবেদন করতে হবে।

যাঁরা হাসপাতালে ভর্তি কিংবা প্রমাণিত চলাচলের সীমাবদ্ধতা বা বিশেষ প্রয়োজনের কারণে কাউন্টারে যেতে পারেন না, তাঁদের জন্য রয়েছে ‘সার্ভিসু এক্সতেরনু’ বা বাইরে গিয়ে সেবা দেওয়ার ব্যবস্থা। এই সেবায় নিবন্ধন বিভাগের কর্মী সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থানস্থলে গিয়ে কার্ডের আবেদন, নবায়ন বা হস্তান্তরের কাজ করেন।

এ সেবার জন্য বসবাসের এলাকার আইআরএন কাউন্টারে সরাসরি, ফোনে বা ই-মেইলে আবেদন করা যায়। আবেদনে প্রয়োজনীয় সেবা, সংশ্লিষ্ট ব্যক্তির পরিস্থিতি ও অবস্থানের তথ্য দিতে হয়। প্রয়োজন হলে সমস্যার প্রমাণপত্রও জমা দিতে হবে।