দেশে সেপ্টেম্বর মাসে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭৪ জন। সেই হিসাবে মাসটিতে প্রতিদিন গড়ে প্রায় ১৪ জনের প্রাণ গেছে সড়কে। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু রয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সেপ্টেম্বরের সড়ক দুর্ঘটনাবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংগঠনটির নিজস্ব সূত্রের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৩৯ জনের
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন। মোট সড়ক দুর্ঘটনার ৩৪ দশমিক ৮৪ শতাংশ ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। আর এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট নিহতের ৩২ দশমিক ৮৬ শতাংশ।
একই সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৬ জন পথচারী, যা মোট প্রাণহানির ২৫ দশমিক ০৫ শতাংশ। অর্থাৎ নিহতদের প্রায় প্রতি চারজনের একজন পথচারী। এ ছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, যা মোট নিহতের ১২ দশমিক ৫২ শতাংশ।
আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা
সড়কের ধরন অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এসব সড়কে ১৭৮টি দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৪০ দশমিক ২৭ শতাংশ। জাতীয় মহাসড়কে ঘটেছে ১৪৫টি, গ্রামীণ সড়কে ৫৬টি এবং শহরের সড়কে ৬৩টি দুর্ঘটনা।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ঘটেছে ১৬৮টি দুর্ঘটনা। পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা ১০৯টি, মুখোমুখি সংঘর্ষ ৯৮টি এবং পেছন থেকে আঘাতের ঘটনা ৬১টি। অন্যান্য কারণে ঘটেছে আরও ছয়টি দুর্ঘটনা।
