‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি

dhruv-rathee-detained-delhi-police

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে ডাকা বিক্ষোভে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-এ নিজের বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাঁকে আটক করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সও ধ্রুব রাঠিকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে। দিল্লি পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, রাজধানীর বাইরে যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে ধ্রুব রাঠিও রয়েছেন।

বাসায় যায় প্রায় ৫০ পুলিশ

এনডিটিভির প্রতিবেদনে পুলিশের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শনিবার সকালে দিল্লি পুলিশের প্রায় ৫০ সদস্যের একটি দল গুরুগ্রামের সেক্টর ৫৬-এ ধ্রুব রাঠির বাসায় যায়। সেখান থেকেই তাঁকে হেফাজতে নেওয়া হয়।

এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে শনিবারের বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ধ্রুব রাঠি।

তিনি চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে আসেন। ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির একটি প্রতিবাদ কর্মসূচিতেও তিনি অংশ নিয়েছিলেন।

ধ্রুব রাঠির মুক্তি দাবি সিজেপির

ধ্রুব রাঠিকে আটক করার নিন্দা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটি তাঁর পাশাপাশি আটক অন্যান্য আন্দোলনকারী ও ছাত্রনেতাদেরও অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

সিজেপির অভিযোগ, ভোটার তালিকা সংশোধন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগের প্রতিবাদ বন্ধ করতেই আন্দোলনকারী ও সমর্থকদের আটক করা হচ্ছে।

অন্যদিকে দিল্লি পুলিশ বলছে, আইনশৃঙ্খলা ও নিরাপত্তাজনিত কারণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ না করায় যন্তর মন্তরে শনিবারের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

প্রায় ২০০ বিক্ষোভকারী আটক

শনিবার সকাল থেকেই যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করা বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে পুলিশ।

রয়টার্স জানিয়েছে, মধ্য নয়াদিল্লিতে পুলিশ কয়েক ডজন তরুণ বিক্ষোভকারীকে ধরে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ওই এলাকায় প্রায় ২০০ জনকে আটক করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের আগের হিসাব অনুযায়ী, নয়াদিল্লির বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৫০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল।

রাজধানীতে মেট্রো স্টেশন ও বিভিন্ন বাজার বন্ধ রাখার পাশাপাশি কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও স্থগিত করা হয়েছে। দিল্লির প্রবেশপথগুলোয় বাস, গাড়ি ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড ও কংক্রিটের ব্লক বসানোর পাশাপাশি দাঙ্গা নিয়ন্ত্রণকারী বাহিনীও মোতায়েন রয়েছে।

কেন বিক্ষোভ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় যন্তর মন্তরে সমবেত হওয়ার ঘোষণা দেয় সিজেপি।

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাপকসংখ্যক নাম বাদ পড়া নিয়ে বিরোধী দল ও আন্দোলনকারীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, এই প্রক্রিয়া ক্ষমতাসীন বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতে পারে।

তবে ভারতের নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে। নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়া এখনো শেষ হয়নি এবং ভুলভাবে বাদ পড়া যোগ্য ভোটারদের পুনরায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।

দিল্লি পুলিশ শুক্রবারই জানিয়েছিল, যন্তর মন্তরের বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি এবং নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিজেপি অবশ্য পুলিশের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানিয়েছে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা তাদের সাংবিধানিক অধিকার এবং কর্মসূচি তারা চালিয়ে যাবে।