ঢাকা–রিয়াদ ও ঢাকা–দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

Bangladesh Biman

সৌদি আরবে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবে চলমান হামলা ও নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ ভ্রমণ নোটিশেও ঢাকা–রিয়াদ–ঢাকা এবং ঢাকা–দাম্মাম–ঢাকা রুটের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকার তথ্য জানানো হয়েছে।

জেদ্দা ও মদিনা হয়ে ভ্রমণের সুযোগ

বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন।

যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

অন্যদিকে ঢাকা–মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

পরবর্তী সময়সূচি পরে জানাবে বিমান

ঢাকা–রিয়াদ ও ঢাকা–দাম্মাম রুটে পুনরায় কখন ফ্লাইট চালু হবে, সে বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইটের সময়সূচি, টিকিট পরিবর্তন এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টার অথবা কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।