বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় বোয়েসেল, লক্ষ্য ডিসেম্বরের আগে

malaysia-worker-recruitment-zero-cost-boesl

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম ডিসেম্বরের আগেই শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রথম ধাপে ডিএইচএল কোম্পানিতে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত বাছাই শুরু হয়েছে। এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র বা ডিমান্ড লেটার পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী নির্বাচন ও নিয়োগপ্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরেন তিনি।

রাশেদুল হক জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের আগেই কর্মীদের পাঠানোর চেষ্টা চলছে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তবে কোনো কারণে প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা দেরিও হতে পারে বলে উল্লেখ করেন তিনি। ফলে কর্মীদের যাত্রার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগদাতাদের কাছ থেকে চাহিদা পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে ডিএইচএলের জন্য প্রথম ধাপের কর্মী নির্বাচন চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ নভেম্বর ডিএইচএলের কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

এরপর ৮ নভেম্বর সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত এই প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে বাছাই করতে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। বৃহস্পতিবার শুরু হওয়া চূড়ান্ত নির্বাচন কার্যক্রমে তাঁদের যোগ্যতা যাচাই করা হচ্ছে।