কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

tarique rahman turkey visit cop31

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু তাঁর ঢাকা ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন। ইস্তাম্বুলে যাত্রাবিরতি করে তুরস্কের আনতালিয়ায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

১০ থেকে ১২ নভেম্বরের সরকারি এই সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, ১১ ও ১২ নভেম্বর আনতালিয়ায় কপ-৩১-এর বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

জলবায়ু সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাবে।

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলনে জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের উপরাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।