পর্তুগালে বসবাসরত অভিবাসীদের পরিবারের সদস্যদের একত্র করার প্রক্রিয়া সহজ করতে নতুন অনলাইন ব্যবস্থা চালু করেছে দেশটির অভিবাসন ও আশ্রয়বিষয়ক সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম (AIMA)। নতুন ব্যবস্থায় পর্তুগালের ভেতরে ও বাইরে অবস্থানরত পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে ফ্যামিলি রিইউনিফিকেশনের (Family Reunification) অ্যাপয়েন্টমেন্ট চাওয়া যাবে।
গত ১১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে AIMA। সংস্থাটি জানিয়েছে, নতুন আবেদনকারীদের জন্য আগের ফ্যামিলি রিইউনিফিকেশন পোর্টালের পরিবর্তে এখন AIMA-এর অনলাইন কন্ট্যাক্ট ফরম ব্যবহার করতে হবে। তবে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
কারা নতুন ব্যবস্থায় আবেদন করতে পারবেন
AIMA-এর নির্দেশনা অনুযায়ী, পর্তুগালে বৈধ রেসিডেন্স পারমিট রয়েছে অথবা রেসিডেন্স পারমিট নবায়নের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে—এমন ব্যক্তিরা নতুন ব্যবস্থায় পরিবারের সদস্যদের জন্য অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ করতে পারবেন।
তবে একই পরিবারের সদস্যদের জন্য আগে অন্য কোনো মাধ্যমে ফ্যামিলি রিইউনিফিকেশনের আবেদন জমা দেওয়া থাকলে নতুন করে আবেদন করা যাবে না। এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট আইনি শর্ত পূরণ করতে হবে।
নতুন ব্যবস্থায় পরিবারের সদস্যদের অবস্থানের ভিত্তিতে দুটি আলাদা অপশন রাখা হয়েছে। একটি পর্তুগালের বাইরে অবস্থানরত পরিবারের সদস্যদের জন্য এবং অন্যটি ইতিমধ্যে পর্তুগালে অবস্থানরত পরিবারের সদস্যদের জন্য।
পর্তুগালের বাইরে থাকা পরিবারের সদস্যদের আবেদন
যাঁদের পরিবারের সদস্যরা বর্তমানে বাংলাদেশসহ অন্য কোনো দেশে অবস্থান করছেন, তাঁরা নতুন ব্যবস্থায় ফ্যামিলি রিইউনিফিকেশনের অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারবেন।
এ জন্য AIMA-এর অনলাইন কন্ট্যাক্ট ফরমে প্রবেশ করে ‘Tipo de Assunto’ অংশে ‘Reagrupamento Familiar’ নির্বাচন করতে হবে। এরপর ‘Subtipo de Assunto’ অংশে ‘Pedido de Agendamento – Reagrupamento Familiar FORA de Território Nacional’ অপশনটি বেছে নিতে হবে।
এরপর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, রেসিডেন্সসংক্রান্ত তথ্য এবং পরিবারের যেসব সদস্যকে পর্তুগালে আনতে চান, তাঁদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। প্রত্যেক সদস্যের জন্য ফরমে চাওয়া নথিও সংযুক্ত করতে হবে।
তবে অ্যাপয়েন্টমেন্টের আবেদন জমা দেওয়া মানেই পরিবারের সদস্যদের পর্তুগালে প্রবেশের অনুমতি বা ভিসা পাওয়া নয়। পরবর্তী ধাপে সংশ্লিষ্ট আইনি শর্ত ও প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করতে হবে।
পর্তুগালে অবস্থানরত পরিবারের সদস্যদের আবেদন
যেসব পরিবারের সদস্য ইতিমধ্যে পর্তুগালে অবস্থান করছেন, তাঁদের জন্যও আলাদা অপশন চালু করেছে AIMA। তবে এই সুবিধা পেতে পরিবারের সংশ্লিষ্ট সদস্যকে বৈধভাবে পর্তুগালে প্রবেশ করতে হবে এবং আবেদন জমা দেওয়ার সময়ও দেশটিতে বৈধভাবে অবস্থান করতে হবে।
এ ক্ষেত্রে কন্ট্যাক্ট ফরমের ‘Tipo de Assunto’ অংশে ‘Reagrupamento Familiar’ এবং ‘Subtipo de Assunto’ অংশে ‘Pedido de Agendamento – Reagrupamento Familiar EM Território Nacional’ নির্বাচন করতে হবে।
AIMA জানিয়েছে, আগে একই ব্যক্তির জন্য অন্য কোনো মাধ্যমে ফ্যামিলি রিইউনিফিকেশনের আবেদন জমা দেওয়া থাকলে নতুন অপশন ব্যবহার করা যাবে না। আবেদনকারীদের পরিবারের সদস্যদের অবস্থান অনুযায়ী সঠিক অপশন নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইনে আবেদন করবেন যেভাবে
ফ্যামিলি রিইউনিফিকেশনের অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে প্রথমে AIMA-এর নির্ধারিত ওয়েবসাইট https://contactenos.aima.gov.pt/ ভিজিট করতে হবে।
এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১. কন্ট্যাক্ট ফরমে ‘Reagrupamento Familiar’ বিষয়টি নির্বাচন করতে হবে।
২. পরিবারের সদস্য পর্তুগালের ভেতরে নাকি বাইরে অবস্থান করছেন, সে অনুযায়ী সঠিক সাবটাইপ নির্বাচন করতে হবে।
৩. ফ্যামিলি রিইউনিফিকেশনের অধিকারী রেসিডেন্সধারীর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
৪. পরিবারের প্রত্যেক সদস্যের ব্যক্তিগত তথ্য এবং ফরমে চাওয়া নথিপত্র সংযুক্ত করতে হবে।
৫. সব তথ্য যাচাই করে একই পরিবারের সংশ্লিষ্ট সদস্যদের জন্য একটি আবেদন জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার আগে ব্যক্তিগত তথ্য, নথিপত্র ও নির্বাচিত অপশন সঠিক রয়েছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে AIMA। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।
আগে আবেদন করলে নতুন করে জমা দেওয়া যাবে না
AIMA বিশেষভাবে সতর্ক করেছে, যাঁরা ইতিমধ্যে ফ্যামিলি রিইউনিফিকেশনের আবেদন জমা দিয়েছেন, তাঁদের নতুন ফরম ব্যবহার করে আবার আবেদন করা উচিত নয়।
আগের ফ্যামিলি রিইউনিফিকেশন পোর্টাল কিংবা অন্য কোনো অনুমোদিত মাধ্যমে জমা দেওয়া আবেদন বৈধ থাকবে। নতুন ব্যবস্থা চালু হওয়ায় পুরোনো আবেদন বাতিল হচ্ছে না।
একই আবেদন বারবার জমা না দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। প্রাথমিক আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নতুন করে অনুরোধ পাঠানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর যা করতে হবে
AIMA জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আবেদনকারীদের নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হতে হবে। এ সময় আইন অনুযায়ী প্রয়োজনীয় সব মূল নথি সঙ্গে রাখতে হবে।
অনলাইনে কন্ট্যাক্ট ফরমের সঙ্গে নথিপত্র সংযুক্ত করলেও সরাসরি অ্যাপয়েন্টমেন্টে প্রয়োজনীয় নথি উপস্থাপনের বাধ্যবাধকতা থাকবে। যুক্তিসংগত আইনি কারণ ছাড়া নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টে অনুপস্থিত থাকলে সেটি বন্ধ করে দেওয়া হতে পারে।
সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, নতুন কন্ট্যাক্ট ফরমে দেওয়া দুটি অপশন এখন থেকে নতুন ফ্যামিলি রিইউনিফিকেশন অ্যাপয়েন্টমেন্ট আবেদনের জন্য আগের নির্দিষ্ট পোর্টালের বিকল্প হিসেবে কাজ করবে। তবে অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তারিখ নিশ্চিত হচ্ছে—এমন কোনো ঘোষণা দেয়নি AIMA।
সূত্র: Agência para a Integração, Migrações e Asilo (AIMA), ১১ নভেম্বর ২০২৬।
