বগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেছেন অভিনেতা সোহেল খান

actor sohel khan dies bogura

অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় শুটিংয়ের প্রস্তুতির সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন সোহেল খান। শুটিং ইউনিটের বরাতে প্রথম আলো জানিয়েছে, ১৯ নভেম্বর থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি। বুধবার তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল।

এমডি ইকবালের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন সোহেল খান। এরপর নিজের কক্ষে যান। শুটিংয়ে যাওয়ার জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন তিনি। একপর্যায়ে ইউনিটের একজন সদস্য তাঁকে ডাকতে গিয়ে বিছানায় পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একই সিনেমায় কাজ করছিলেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে তিনি বলেন, সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর সহকর্মী। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।