লিবিয়া থেকে দেশে ফেরানো হচ্ছে ১৭৪ বাংলাদেশিকে, অসুস্থ ১৯ জন

libya bangladeshis repatriation

লিবিয়া থেকে দেশে ফেরানো হচ্ছে ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশিকে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় সোমবার (২৩ নভেম্বর) তাঁদের প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তাঁদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।

দূতাবাসের তথ্য অনুযায়ী, বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টা নাগাদ তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন তাঁরা।

বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় লিবিয়ার পররাষ্ট্র দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায়কালে রাষ্ট্রদূত তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন। দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার পাশাপাশি কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। ভবিষ্যতে অনিয়মিত পথে বিদেশে যাওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান।

লিবিয়ায় থাকার সময়কার দুর্বিষহ অভিজ্ঞতা দেশে ফিরে অন্যদের কাছে তুলে ধরতে প্রত্যাবাসিতদের উৎসাহিত করেন রাষ্ট্রদূত। অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি এবং মানব পাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

এদিকে বুধবার (২৫ নভেম্বর) ত্রিপোলি ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আইওএমের সহায়তায় এই প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুন: লিবিয়া থেকে ইউরোপযাত্রা: বাংলাদেশি অভিবাসীদের অভিজ্ঞতা।