৯ মিনিটে তিন গোল, গর্ডনের জোড়ায় বাকুতে বার্সেলোনার বড় জয়

sabah-vs-barcelona

বিরতিতে বার্সেলোনা এগিয়ে ছিল মাত্র এক গোলে। দ্বিতীয়ার্ধে ৫১ থেকে ৬০ মিনিটের মধ্যে সেই ব্যবধানই হয়ে গেল চার গোলের। বুধবার রাতে বাকু অলিম্পিক স্টেডিয়ামে সাবাহকে ৪–১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। বার্সেলোনার বড় জয়ে প্রথম দুই গোলই অ্যান্থনি গর্ডনের। অন্য দুটি গোল করেছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস।

৩১ মিনিটে গর্ডনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। সাবাহ এরপর বিরতি পর্যন্ত আর গোল খায়নি। কিন্তু ৫১ মিনিটে জেসুসের শট ঠেকাতে গিয়ে বলটা ঠিক গর্ডনের পায়েই তুলে দেন স্বাগতিক গোলকিপার। ইংলিশ ফরোয়ার্ড সুযোগটা কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন।

চার মিনিট পর আলেহান্দ্রো বালদের পাস থেকে ব্যবধান ৩–০ করেন আদেয়েমি। ৬০ মিনিটে গোলের খাতায় নাম লেখান জেসুসও। তিন মিনিট পর সাবাহর সমর্থকেরা একবার উদ্‌যাপনের সুযোগ পান। সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে কোণাকুনি শটে বার্সার জালে বল পাঠান জয়-ল্যান্স মিকেলস। সেটিই ছিল ম্যাচের শেষ গোল।

বাকুর রাতটা বার্সেলোনার তরুণ ফুটবলার অ্যালেক্স কাম্পোসেরও মনে রাখার মতো। বদলি হিসেবে নেমে মূল দলে অভিষেক হয়েছে তাঁর। চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠেছে বার্সেলোনা। ৮ ডিসেম্বর তাদের পরের ইউরোপীয় ম্যাচ, কাম্প ন্যুতে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।