আগের দুটি পেনাল্টিই মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার রিয়াদে আল সাদের বিপক্ষে পেনাল্টি আদায় করে নিজেই নিলেন শট। এবার আর ভুল হয়নি। রোনালদোর ৯৮৭তম গোলে এগিয়ে যায় আল নাসর। পরে তাঁর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্সের বাইসাইকেল কিকে কাতারের ক্লাবটিকে ২–১ গোলে হারায় সৌদি দল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হাজার গোল ছুঁতে রোনালদোর এখন প্রয়োজন আর ১৩ গোল।
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচটি ছিল মঙ্গলবার, ২৪ নভেম্বর। রোনালদো যখন ১৩ মিনিটে পেনাল্টি নিতে দাঁড়ালেন, তখন তাঁর আগের চারটি স্পটকিকের হিসাবে গোল ছিল মাত্র একটি। এবার লক্ষ্যভেদ করলেও তাঁর দল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ২২ মিনিটে মোহাম্মদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ।
বিরতির ঠিক আগে সেই ওয়াদই সরাসরি লাল কার্ড দেখেন। ফলে স্কোর ১–১ থাকলেও দ্বিতীয়ার্ধে আল সাদকে নামতে হয় ১০ জন নিয়ে। ৫২ মিনিটে ব্যবধান গড়ে দেন ফেলিক্স। তাঁর বাইসাইকেল কিকের গোলটিই শেষ পর্যন্ত আল নাসরকে তিন পয়েন্ট এনে দেয়। পাঁচ ম্যাচ শেষে সৌদি ক্লাবটির পয়েন্ট ৯, আল সাদের ২।
