বিনা খরচে মালয়েশিয়ায় কাজ করতে যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি দক্ষ কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাঁদের দেশটির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে যোগ দেবেন।
নিয়োগের এই প্রক্রিয়ায় কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হচ্ছে না। বিমানভাড়া ও ভিসাসহ প্রয়োজনীয় খরচ দিচ্ছে নিয়োগদাতা প্রতিষ্ঠান। বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীদের সংস্থা কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দিতে হয়নি।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। নিয়োগের শর্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা কাজ করতে হবে। মূল বেতনের পাশাপাশি ওভারটাইম এবং নিয়োগদাতার পক্ষ থেকে আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের সুবিধা থাকবে।
লটারির পর চূড়ান্ত বাছাই
কর্মী নির্বাচনে প্রথমে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন আবেদনকারীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এরপর তাঁদের যোগ্যতা যাচাই করে নিয়োগদাতা প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করে। ফলে প্রাথমিক লটারিতে নির্বাচিত হওয়ার পরও প্রার্থীদের পরবর্তী বাছাইয়ে অংশ নিতে হয়েছে।
এ নিয়োগের আবেদন নেওয়া হয়েছিল ৬ থেকে ৮ নভেম্বর। প্রাথমিক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে থাকার শর্ত দেওয়া হয়। বিস্তারিত পড়ুন: বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
পর্যায়ক্রমে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ
বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ রয়েছে। নিয়োগদাতাদের চাহিদা পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ডিএইচএলের জন্য নির্বাচিত ১১২ জনকে পাঠানো হচ্ছে এ উদ্যোগের প্রথম ধাপে।
বোয়েসেল জানিয়েছে, ডিএইচএলসহ চারটি নিয়োগদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে। সংস্থাটি কর্মীদের নিয়োগসংক্রান্ত তথ্য সরকারি ওয়েবসাইট ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি থেকে যাচাই করার এবং কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীকে অর্থ না দেওয়ার পরামর্শ দিয়েছে।
