৩ দল নিয়ে মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

Bangladesh national cricket Team

টি–টোয়েন্টি বিশ্বকাপ না থাকায় আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন দেশের ক্রিকেটাররা। এই শূন্যতা পূরণ এবং ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ধরে রাখতে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট তিনটি দল। ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলি।

বিসিবি সূত্রে জানা গেছে, খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার অর্থ মিলিয়ে এই টুর্নামেন্টে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। কোচিং প্যানেলেও রাখা হয়েছে অভিজ্ঞ ও সাবেক তারকা ক্রিকেটারদের।

ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন এবং তার সহকারী কোচ হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের কোচিং প্যানেলে রয়েছেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান। অন্যদিকে দুরন্ত একাদশের প্রধান কোচের দায়িত্বে থাকবেন হান্নান সরকার এবং সহকারী কোচ হিসেবে থাকছেন রাজিন সালেহ আলম।

এই টুর্নামেন্টের আরেকটি বিশেষ আকর্ষণ হলো—প্রথমবারের মতো ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করা হচ্ছে। বিসিবির আশা, এই নিয়ম ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে।

অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

দর্শকদের বাড়তি বিনোদনের কথা মাথায় রেখে প্রতিদিন ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। বিকেল ৪টা থেকে শুরু হবে পরিবেশনা এবং সন্ধ্যা ৬টায় শুরু হবে দিনের খেলা।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের জন্য ২০০ টাকা, ক্লাব হাউসের জন্য ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১,০০০ টাকা।