পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতকে শবে বরাত হিসেবে পালন করে থাকেন মুসলমানরা।
বাণীতে ড. ইউনূস বলেন, পবিত্র শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অসাধারণ সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। এ কারণে এ রাতকে মুসলমানরা সৌভাগ্যময় রজনী হিসেবে বিশ্বাস করে থাকেন।
তিনি বলেন, মহিমান্বিত এই রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আত্মসমালোচনার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে নিজেকে পরিশুদ্ধ করার প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত লাভ করা যায়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আসুন আমরা পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। একই সঙ্গে মানবকল্যাণে আত্মনিয়োগ করি এবং সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।
তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে দেশবাসীর ক্ষমা ও হেফাজত কামনা করেন।
