দামি ব্যাটের যুগ কি শেষ? ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি

MCC cricket law change

ক্রিকেট মানেই ব্যাট-বলের লড়াই। কিন্তু সেই লড়াইয়ের প্রধান অস্ত্র ব্যাটের দাম যদি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, তাহলে খেলাটাই হয়ে ওঠে কঠিন। বিষয়টি মাথায় রেখেই ক্রিকেটের আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

ক্রিকেটের আইনপ্রণেতা এমসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট আইনের সর্বশেষ সংস্করণে ৪২টি আইনের বিভিন্ন ধারায় মোট ৭৩টি পরিবর্তন ও সংশোধনী আনা হয়েছে। এসব পরিবর্তন ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

এমসিসি বলছে, এই সংশোধনীর অন্যতম মূল উদ্দেশ্য হলো ক্রিকেটকে অপেশাদার ও সাধারণ ক্রিকেটারদের জন্য আরও সাশ্রয়ী ও সহজলভ্য করা।

এমসিসির নতুন আইনে সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো ল্যামিনেটেড ব্যাট (টাইপ-ডি) ব্যবহারের অনুমতি। এত দিন এই ধরনের ব্যাট শুধু জুনিয়র ক্রিকেটে ব্যবহার করা যেত। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বড়দের অপেশাদার বা রিক্রিয়েশনাল ক্রিকেটেও এই ব্যাট বৈধ হবে।

ল্যামিনেটেড ব্যাট সাধারণত ভালো মানের ইংলিশ উইলোর সামনের অংশে তুলনামূলক সস্তা কাঠ—যেমন কাশ্মীরি উইলো—জুড়ে তৈরি করা হয়। ফলে ব্যাটের দাম অনেক কমে আসে।

বর্তমানে আন্তর্জাতিক ও ঘরোয়া বাজারে ভালো মানের ইংলিশ উইলোর ব্যাটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। দক্ষিণ এশিয়ায় চাহিদা বাড়ায় কোনো কোনো ব্যাটের দাম এক হাজার পাউন্ড বা দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।

এমসিসির মতে, ল্যামিনেটেড ব্যাট ব্যবহার করলে ক্রিকেটের গতিপ্রকৃতিতে বড় কোনো পরিবর্তন হবে না, কিন্তু খেলাটির খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।

এ বিষয়ে এমসিসির আইনবিষয়ক ম্যানেজার ফ্রেজার স্টুয়ার্ট বলেন,

‘ইংলিশ উইলোর এখন বেশ সংকট। আমাদের উচিত গাছের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। যদি পারফরম্যান্সে বড় কোনো পার্থক্য না এনেই সাধারণ মানুষের নাগালে খেলাটাকে রাখা যায়, তবে সেটিই বুদ্ধিমানের কাজ।’

আইনে আরও যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন

নতুন সংস্করণে আনা উল্লেখযোগ্য কয়েকটি পরিবর্তন হলো—

দিনের শেষ ওভার

একাধিক দিনের ম্যাচে দিনের শেষ ওভারে উইকেট পড়লে আর খেলা বন্ধ হবে না। উইকেট পড়লেও ওভারের বাকি বলগুলো শেষ করতে হবে।

সীমানায় ‘বানি হপ’ ক্যাচ

বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে এসে একাধিকবার বল স্পর্শ করে ক্যাচ নেওয়ার সুযোগ কমানো হয়েছে। ফিল্ডার শূন্যে থাকা অবস্থায় একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর ক্যাচ সম্পন্ন করতে হলে তাঁকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে।

কিপারের গ্লাভস

বোলার দৌড় শুরু করার সময় কিপারের গ্লাভস স্টাম্পের সামনে থাকতে পারবে, তবে বল ছাড়ার মুহূর্তে অবশ্যই স্টাম্পের পেছনে নিতে হবে।

শর্ট রান

ইচ্ছাকৃত শর্ট রানের শাস্তি হিসেবে ৫ রান জরিমানা বহাল থাকবে। পাশাপাশি পরের বলে কোন ব্যাটার স্ট্রাইকে থাকবেন, সেটিও ফিল্ডিং দল নির্ধারণ করতে পারবে। তবে ভুলবশত শর্ট রান হলে কোনো শাস্তি হবে না।

হিট উইকেটের ব্যাখ্যা

শট খেলার পর ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়লে হিট উইকেট হবে। কিন্তু ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে পড়লে আউট নয়। ব্যাট বা সরঞ্জাম ফিল্ডার বা কিপারের গায়ে লেগে স্টাম্প ভাঙলেও সেটি নট আউট হিসেবে গণ্য হবে।

বল কখন ‘ডেড’ হবে

বল ডেড ঘোষণার ক্ষেত্রে আম্পায়ারকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। বল যদি কোনো ফিল্ডারের হাতে থাকে বা স্থির অবস্থায় থাকে এবং আম্পায়ার মনে করেন খেলা এগোবে না, তবে তিনি বল ডেড ঘোষণা করতে পারবেন।

ওভার থ্রো

উইকেট লক্ষ্য করে উদ্দেশ্যমূলকভাবে বল ছোড়া হলেই কেবল ‘ওভার থ্রো’ ধরা হবে। সাধারণ মিস ফিল্ডিং আর ওভার থ্রো হিসেবে গণ্য হবে না।

ডিক্লারেশন

ম্যাচের শেষ ইনিংসে অধিনায়ক আর ইনিংস ঘোষণা (ডিক্লেয়ার) করতে পারবেন না।

লিঙ্গ নিরপেক্ষ ভাষা

ক্রিকেটের আইনে পুরুষ বা নারীবাচক শব্দের বদলে লিঙ্গ নিরপেক্ষ শব্দ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যেমন ‘ব্যাটসম্যান’-এর পরিবর্তে সর্বত্র ‘ব্যাটার’ শব্দ ব্যবহার করতে হবে।

এমসিসির অবস্থান

১৭৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই ক্রিকেটের অভিভাবক হিসেবে কাজ করছে এমসিসি। সংস্থাটি জানিয়েছে, এবারের পরিবর্তনগুলো আধুনিক ক্রিকেটের বাস্তবতা, পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি এবং টেকসই ভবিষ্যৎ মাথায় রেখেই করা হয়েছে।