নাকভিকে সাথে BCB বস বুলবুলের বৈঠক, ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ হবে?

BCB PCB Meting

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লাহোরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর প্রতিনিধিরাও। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তা এবং বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়া নিয়ে সৃষ্ট জটিল পরিস্থিতি।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর ক্রিকেট অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। এ অবস্থায় ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে পুরো বিষয়টি সমাধানে দ্রুত উদ্যোগ নেয় আইসিসি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো।

বৈঠকে আইসিসি পাকিস্তানকে আগামী ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচটি খেলার জন্য অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্বিক সহযোগিতা এবং ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের পাশে থাকার জন্য পিসিবি প্রধান মহসিন নাকভিকে ধন্যবাদ জানান। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, বাংলাদেশের দাবিগুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সংকট নিরসনের জন্য একটি সম্ভাব্য ফর্মুলা নিয়েও কাজ চলছে।

সূত্র জানায়, আলোচনার অংশ হিসেবে ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে হাইব্রিড মডেলে অংশগ্রহণের সুযোগ এবং বিশ্বকাপের আর্থিক লভ্যাংশ থেকে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। পুরো আলোচনায় পিসিবি সমন্বয়কের ভূমিকা পালন করেছে।

এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আইসিসি ও বিসিবির কর্মকর্তারা আবারও বৈঠকে বসতে পারেন। ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কি না— সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।