বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা হত্যার নির্দেশ দিচ্ছেন: উপদেষ্টা আসিফ নজরুল

Asif nazrul

আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। বৈঠকটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

আসিফ নজরুল বলেন, নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে প্রতিনিধি দল প্রশ্ন তুললে তিনি স্পষ্ট করেন—জোর করে কাউকে নির্বাচনি প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব নয়। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের কোনো মানসিকতা দেখা যায়নি। বরং তারা বিদেশে বসে জুলাই গণঅভ্যুত্থানকারীদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের হত্যার নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই মাসের হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং ওই সময়ের ঘটনায় দলটির শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তবে এসব ঘটনার পর আওয়ামী লীগের কোনো নেতার কাছ থেকে অনুশোচনা বা নিন্দাসূচক বক্তব্য শোনা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

নারী ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, দেশে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে নারীদের অংশগ্রহণে কোনো প্রভাব ফেলবে না। বরং এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি আগের তুলনায় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, অতীতের শাসনামলে হিজাব ও বোরকা পরা নারীদের একটি বড় অংশ হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছিল। বর্তমান বাস্তবতায় সেই নারীদের বড় অংশ আগ্রহের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন বলে তিনি মনে করেন।

সবশেষে উপদেষ্টা বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিসর ও জনজীবনে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা রাখতে হবে।