সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সম্মানিত ভোটাররা যেন নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট দেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্র থেকে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, আজ জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। দীর্ঘ দেড় বছর অপেক্ষার পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আজ নির্বাচন হচ্ছে।”
তিনি জানান, সকাল থেকেই সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকালে দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তার কাছে পাওয়া তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, যারা ভোট দিতে পারছেন না, সেই গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তারা দেশের সার্বিক পরিস্থিতি জনগণের কাছে তুলে ধরছেন, ফলে ভোটাররা আশ্বস্ত হয়ে ভোট দিতে উৎসাহিত হচ্ছেন।
