ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটের দিকে রাজধানীর গুলশান-২ এর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। দিনব্যাপী আজকে আমরা এ জন্মদিন উদ্যাপন করব। এটার মাধ্যমে আমরা অতীতকে সম্পূর্ণ বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা সম্পূর্ণভাবে বর্জন করলাম।’
এ সময় তিনি দেশবাসীকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান এবং ‘ঈদ মোবারক’ জানিয়ে সেখান থেকে বিদায় নেন।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। ভোর থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ রয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত হওয়ায় ওই আসন বাদে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
