ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া।
এ আসনের মোট ১৭৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফলে ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম (মিরপুরি) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৮৫৪ ভোট।
এছাড়া ঘোড়া প্রতীকে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজিত মিয়া পেয়েছেন ৩৩ হাজার ২৩৮ ভোট।
নবীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন এবং বাহুবল উপজেলার সাতটি ইউনিয়নসহ মোট ২০টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন।
