নতুন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী মঙ্গলবার বিকেলে তাদের শপথবাক্য পাঠ করাবেন বলে সরকারের একাধিক সূত্র জানিয়েছে।
সাধারণত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবন–এর দরবার হলে অনুষ্ঠিত হলেও দীর্ঘদিনের এই রীতি ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
এদিকে একই দিনে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সকাল সাড়ে ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
ফলে দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
