‘আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া চলে গেছেন, আর ফিরবেন না’— এমন গুঞ্জন কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে সে সময় সব গুঞ্জনকে ভুল প্রমাণ করে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উপস্থিত হয়ে বিষয়টি পরিষ্কার করেছিলেন।
তবে এবার সত্যিই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ক্রিকেট সংগঠক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার তিনি নিজেই একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, জরুরি ব্যক্তিগত কাজে কয়েক দিনের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন এবং কাজ শেষ হলেই দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন।
বুলবুল বলেন, “আমি জরুরি কাজে কয়েক দিনের জন্য সেখানে যাচ্ছি। কাজ শেষ হলে ইনশাআল্লাহ আবার তাড়াতাড়ি ফিরবো।”
অস্ট্রেলিয়ায় কতদিন অবস্থান করবেন— এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি। এমনকি আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সেখানে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দেখা হবে কি না, সে বিষয়েও তিনি কোনো মন্তব্য করেননি।
তার এই সফরকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হলেও আপাতত এটিকে স্বল্পমেয়াদি সফর বলেই জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
