সংসদীয় দলের নেতা তারেক রহমান, আজই প্রধানমন্ত্রী হিসেবে শপথ

tarique rahman prime minister

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান-কে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তারেক রহমানসহ নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে তারেক রহমানের সরকারপ্রধান হওয়া আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়।

শপথ অনুষ্ঠান পবিত্র কোরআনের সূরা আন-নাহলের ৯১ নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির এমপিরা শপথ নেন, পরে অন্যান্য দল ও স্বতন্ত্র সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন এবং সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত দলীয় অবস্থান ব্যাখ্যা করেন। উল্লেখ্য, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘জুলাই সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা আলাদাভাবে শপথ নেননি।

এদিকে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। দীর্ঘ দুই দশক পর বিএনপির রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সংসদ ভবন ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। আজ সন্ধ্যার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নতুন সরকার।