সাড়ে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী: নতুন রাজনৈতিক যুগে বাংলাদেশ

Tarek rahman Prime Minister of Bangladesh

বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রায় সাড়ে তিন দশক পর দেশের নেতৃত্বের ভার গ্রহণ করেছেন একজন পুরুষ প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নবম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের রাজনীতি মূলত দুই নারী নেত্রী—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা—কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। এ সময়ের মধ্যে কিছু সময় তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলও ছিল।

স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ১৯৯১ সালে এরশাদের পতনের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। এরপর দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ঘিরেই দেশের রাজনৈতিক ধারার বিকাশ ঘটে।

তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান, শেখ হাসিনার দেশত্যাগ এবং খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দুই নারী নেত্রীর রাজনৈতিক যুগের অবসান ঘটে। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ।

২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নেতৃত্বে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

বাংলাদেশে এ পর্যন্ত প্রধানমন্ত্রীরা

  • তাজউদ্দীন আহমদ (১৭ এপ্রিল ১৯৭১ – ১২ জানুয়ারি ১৯৭২) — আওয়ামী লীগ
  • শেখ মুজিবুর রহমান (১৯৭৩ – ১৯৭৫) — আওয়ামী লীগ
  • মুহাম্মদ মনসুর আলী (২৫ জানুয়ারি ১৯৭৫ – ১৫ আগস্ট ১৯৭৫) — বাকশাল
  • শাহ আজিজুর রহমান (১৫ এপ্রিল ১৯৭৯ – ২৪ মার্চ ১৯৮২) — বিএনপি
  • আতাউর রহমান খান (৩০ মার্চ ১৯৮৪ – ১ জানুয়ারি ১৯৮৫) — জনদল
  • মিজানুর রহমান চৌধুরী (৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮) — জাতীয় পার্টি
  • মওদুদ আহমেদ (২৭ মার্চ ১৯৮৮ – ১২ আগস্ট ১৯৮৯) — জাতীয় পার্টি
  • কাজী জাফর আহমেদ (১২ আগস্ট ১৯৮৯ – ৬ ডিসেম্বর ১৯৯০) — জাতীয় পার্টি
  • খালেদা জিয়া (১৯৯১–১৯৯৬, ২০০১–২০০৬) — বিএনপি
  • শেখ হাসিনা (১৯৯৬–২০০১, ২০০৯–২০২৪) — আওয়ামী লীগ
  • তারেক রহমান (১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে) — বিএনপি