রমজান মাস শুরু হতে না হতেই রাজধানীর ফলের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেছে। রোজার আগে যে ফল সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল, চাহিদাকে পুঁজি করে মাত্র ১০ দিনের ব্যবধানে তার দাম কয়েক গুণ বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার ও আশপাশের এলাকা ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। সকাল হওয়ায় বাজারে ভিড় তুলনামূলক কম থাকলেও যারা ফল কিনতে এসেছেন, দাম শুনে অনেকের মধ্যেই বিস্ময় ও ক্ষোভ দেখা যায়।
খুচরা বাজারে ইফতারের প্রধান উপকরণ খেজুরসহ বিভিন্ন ফলের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।
বর্তমানে বাজারে—
- মেডজুল খেজুর: ১,৫০০–১,৬০০ টাকা প্রতি কেজি
- মরিয়ম খেজুর: ১,২০০–১,২৫০ টাকা প্রতি কেজি
- কালমী খেজুর: ৮০০–৯০০ টাকা প্রতি কেজি
- সুকারী খেজুর: প্রায় ৮০০ টাকা প্রতি কেজি
- মিনিফী খেজুর: ৬০০–৭০০ টাকা প্রতি কেজি
খেজুরের পরেই দামের দিক থেকে শীর্ষে রয়েছে আনার, যা মানভেদে প্রতি কেজি ৫০০ থেকে ৬২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কালো আঙুর ৬০০ টাকা এবং সবুজ আঙুর ৪৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
ক্রেতাদের অভিযোগ, প্রতি বছরের মতো এবারও রমজানকে ঘিরে ফলের বাড়তি চাহিদার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছেন। তারা বাজার তদারকি জোরদার এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
