বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, বাংলা ভাষা সম্পর্কে সচেতনতা না থাকায় নতুন প্রজন্মের মধ্যে “ইনকিলাব” ধরনের স্লোগান জনপ্রিয় হচ্ছে, যা তাঁর কাছে বেদনাদায়ক।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, “আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, তাহলে আজকের জেন-জি ‘ইনকিলাব’ বলত না। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়। এটার জন্যই কি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম, কিন্তু এখন দেখছি সমাজ উল্টো দিকে হাঁটছে।”
তিনি বলেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে “ইনকিলাব জিন্দাবাদ”, “ইনকিলাব মঞ্চ” বা “আজাদি”র মতো শব্দ ব্যবহার করা উচিত নয়। তাঁর মতে, এসব শব্দের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই এবং এগুলো বাংলার ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
মন্ত্রী আরও বলেন, “এসব কথা বলায় অনেকে আমাকে ভারতের দালাল বা ‘র’-এর এজেন্ট বলবে। তারপরও আমি বলব, কারণ এ কথাগুলো বলার জন্যই আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।”
মাতৃভাষার ইতিহাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলা ভাষা ও তার ইতিহাস সম্পর্কে জাতি যথেষ্ট যত্নবান নয়। তিনি বলেন, “যে জাতি নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনো দিন উন্নতি করতে পারে না। আমরা নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মধ্যে জাতীয়তাবোধ বিকশিত হচ্ছে না।”
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
