দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দামে ২২ ক্যারেটের ভালো মানের সোনার মূল্য ভরিপ্রতি দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪১ টাকা, যা আগের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা থেকে ২ হাজার ২১৭ টাকা বেশি।
এর আগে গত শনিবারও সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৫ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দুই দিনের ব্যবধানে মোট ৫ হাজার ৪৮২ টাকা বেড়েছে সোনার দাম।
সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতিই মূল প্রভাবক হিসেবে কাজ করছে।
বাজুসের নির্ধারিত নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতনি পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জানুয়ারির শেষ দিক থেকে দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। ২৯ জানুয়ারি ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাধারণত দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়। গত সপ্তাহে আউন্সপ্রতি দাম পাঁচ হাজার ডলারের নিচে নামায় দুই দফা দাম কমানো হয়েছিল। তবে শুক্রবার থেকে আবারও বিশ্ববাজারে দাম বাড়তে শুরু করে এবং সর্বশেষ তথ্যে আউন্সপ্রতি প্রায় ৫৩ ডলার বেড়ে ৫ হাজার ১৫৭ ডলারে উঠেছে।
দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা অব্যাহত রয়েছে। গত এক মাসে মোট ২২ ডলার এবং গত ছয় মাসে ১ হাজার ৭৩৪ ডলার পর্যন্ত দাম বেড়েছে বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন।
