নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন মো. আলী হোসেন ফকির

ali hossain fakir new igp bangladesh

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও ব্যক্তিগত জীবন

মো. আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম (অনার্স), এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশ-এ সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

কর্মজীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব

দীর্ঘ চাকরি জীবনে তিনি দক্ষতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—

  • ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স
  • ডিআইজি, এসপিবিএন
  • উপ-পুলিশ কমিশনার, ডিএমপি
  • পুলিশ সুপার, নেত্রকোনা, ফেনী ও মাগুরা
  • কমান্ড্যান্ট, আরআরএফ সিলেট
  • অধিনায়ক, ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেট

মো. আলী হোসেন ফকির জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রশিক্ষণ ও সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে সফর করেছেন।

বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি তিনি ঢাকার এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।

সরকারের এ নিয়োগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।