আজ আবার বাড়ল সোনার দাম, ভরিতে ৪,৩৭৪ টাকা বৃদ্ধি

Gold price update Bangladesh

দেশের বাজারে আজ শনিবার সোনার দাম বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৫ টাকা, যা আগে ছিল ২ লাখ ৬১ হাজার ৪১ টাকা। নতুন হিসাবে ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।

সর্বশেষ মূল্য নির্ধারণ করে আজ সকালে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী—

  • ২২ ক্যারেট সোনা: ২ লাখ ৬৫ হাজার ৪১৫ টাকা (ভরি)
  • ২১ ক্যারেট সোনা: ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা (ভরি)
  • ১৮ ক্যারেট সোনা: ২ লাখ ১৭ হাজার ১২৬ টাকা (ভরি)
  • সনাতনি পদ্ধতির সোনা: ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা (ভরি)

সংগঠনটি আরও জানিয়েছে, সোনার বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

গত সপ্তাহেও দুই দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল, তখন মোট বৃদ্ধি হয়েছিল ৫ হাজার ৪৮২ টাকা। জানুয়ারি মাসের শেষ দিক থেকে দেশের বাজারে সোনার দামে অস্থিরতা দেখা যাচ্ছে। কখনও একদিনেই দাম বাড়ানো বা কমানোর ঘটনাও ঘটেছে।

গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়, তখন ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাধারণত দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে সম্প্রতি সোনার স্পট মূল্য আউন্সপ্রতি ১০০ ডলারের বেশি বেড়ে বর্তমানে প্রায় ৫ হাজার ২৭৮ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে। যদিও গত ৩০ দিনে সোনার দাম ১৫০ ডলার কমেছে, তবে গত ছয় মাসে বেড়েছে ১ হাজার ৭৬২ ডলার।

বিশ্ববাজারে দামের ওঠানামার কারণেই দেশের বাজারেও সোনার মূল্য পরিবর্তন হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।