ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার বিমানবন্দরের এক মুখপাত্র জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”
ইরানে যৌথ হামলা
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। **তেহরান**সহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পাশাপাশি দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতেও সাইবার হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
অন্যদিকে হামলার জবাবে ইরান ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ওই অঞ্চলে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
