প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
সচিবালয়ে নিজের কক্ষে প্রধানমন্ত্রী নিজেই ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির শক্তি মাত্রা ২৫.১–এ কমিয়ে দেন। তিনি একইভাবে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশের পর অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমাতে বলেন।
সচিবালয়ের ১ নং ভবনটি প্রধানমন্ত্রীর দফতর এবং মন্ত্রিপরিষদসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগের কার্যক্রম এখানেই পরিচালিত হয়। প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগের পর দফতরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমানো হয়।
তিনি দেশব্যাপী সরকারি অফিস, আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণি বিতানসহ সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বিদ্যুৎ সাশ্রয় ও শক্তি সংরক্ষণে নজির স্থাপন করেছে এবং দেশবাসীর জন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
