আরব আমিরাত তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না

uae response middle east tension

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে ‘অযাচিতভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। সোমবার জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এ অভিযোগ করেছেন।

তিনি স্পষ্ট করে জানান, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে না এবং এ ধরনের সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছাও তাদের নেই।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির আগে এবং এখনও আমিরাত স্পষ্ট অবস্থান জানিয়েছে।

তার ভাষায়,
“আরব আমিরাত তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না এবং আমরা এ ধরনের কোনো সংঘাতে জড়াব না।”

এদিকে তুরস্ককে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টাকে ‘বিপজ্জনক উস্কানি’ বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করে।

মন্ত্রণালয় আরও জানায়, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্ককে লক্ষ্য করে এটি দ্বিতীয়বার হামলার চেষ্টা। এ ধরনের হামলাকে তারা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর ওপর ধারাবাহিক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

এর আগে গত সপ্তাহেও তুরস্ককে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে আঙ্কারা। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অভিযোগ অস্বীকার করেছে।

সর্বশেষ সোমবারের হামলার অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।