অসুস্থ মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

Mirza Abbas

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও জানান, গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং তার পরিবারের সঙ্গেও কথা বলেছেন।

শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন ইফতারের পর পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।