পর্তুগালে নবায়ন করা প্রায় ২০ হাজার রেসিডেন্স কার্ড শিগগিরই বিতরণ করবে AIMA

AIMA

পর্তুগালে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে নবায়ন করা প্রায় ২০ হাজার রেসিডেন্স পারমিট ইতোমধ্যে কার্ড আকারে তৈরি করার জন্য পাঠানো হয়েছে। এসব কার্ড দ্রুত বিতরণের উদ্যোগ নিয়েছে অভিবাসন সংস্থা Agency for Integration, Migration and Asylum (AIMA)।

ব্রাজিলভিত্তিক সংবাদমাধ্যম DN Brasil–এর প্রতিবেদনে বলা হয়েছে, নবায়ন করা রেসিডেন্স পারমিটগুলোর প্রায় অর্ধেক ইতোমধ্যে মুদ্রণের জন্য পাঠানো হয়েছে পর্তুগালের রাষ্ট্রীয় মুদ্রণ প্রতিষ্ঠান Imprensa Nacional‑Casa da Moeda–এ।

প্রতিবেদন অনুযায়ী, বাকি কার্ডগুলোও ধাপে ধাপে পাঠানো হবে এবং এপ্রিলের প্রথমার্ধের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। কারণ অধিকাংশ নবায়ন সনদের মেয়াদ শেষ হবে আগামী ১৫ এপ্রিল।

অন্যদিকে যেসব রেসিডেন্স কার্ড বিতরণ করা সম্ভব হয়নি বা ফেরত এসেছে, সেগুলো সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে লিসবনের AIMA Loja de Anjos অফিসে। আবেদনকারীদের সুবিধার জন্য এই অফিস শনিবারেও খোলা থাকবে।

অভিবাসীদের দ্রুত কার্ড হাতে পৌঁছে দিতে AIMA কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। ফলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা অনেক অভিবাসী, বিশেষ করে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা শিগগিরই তাদের নবায়ন করা রেসিডেন্স কার্ড পেতে পারেন।