গুজব ছড়ালেও সুস্থ আছেন কনটেন্ট ক্রিয়েটর ‘চান্দা ভাই’ রাকিব হাসান,

Rakib Hasan Chanda Bhai video message

সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর ভিডিও বার্তায় নিজের সুস্থ থাকার কথা জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ‘চান্দা ভাই’ নামে পরিচিত রাকিব হাসান।

“রাকিব হাসান সুস্থ আছেন, কেউ গুজবে কান দিবেন না”—শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে ভিডিও বার্তার মাধ্যমে রাকিব নিশ্চিত করেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

জানা গেছে, একই রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিবুল ইসলাম নামের এক তরুণ নিহত হন।

নিহত রাকিবুল ইসলাম বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নামের মিল থাকায় অনেকেই কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের সঙ্গে বিষয়টি গুলিয়ে ফেলেন এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

খুলনার বাসিন্দা ‘চান্দা ভাই’ রাকিব হাসান ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়মিত কনটেন্ট তৈরি করেন।

এক ভিডিও বার্তায় রাকিবের ভাই খাইরুল ইসলামও জানান, কেউ যেন বিভ্রান্ত না হন। রাকিব হাসান সম্পূর্ণ সুস্থ আছেন।

রাকিব হাসান বলেন, রাত থেকে অনেকেই তাঁকে ফোন করেছেন। তবে সব ফোন ধরতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

এদিকে গুলিতে নিহত রাকিবুল ইসলাম ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম তারিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবার নিয়ে রাজধানীর নিমতলীর নাজিম উদ্দিন রোড এলাকায় বসবাস করতেন।