দেশে হঠাৎ করে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মঙ্গলবার সকালে সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জ্বালানিমন্ত্রী জানান, হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবে মজুত পর্যাপ্ত থাকায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানানো হচ্ছে। সবাই প্রয়োজন অনুযায়ী তেল নিলে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের সংকট তৈরি হবে না।
তিনি আরও বলেন, তেলের দাম বাড়ানোর বিষয়ে কাজ করে জ্বালানি নিয়ন্ত্রক কমিশন। তবে সরকার এখনো জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।
জ্বালানিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশের কোথাও তেলের স্থায়ী সংকট নেই। অতিরিক্ত চাহিদার কারণে সাময়িক চাপ তৈরি হয়েছে, যা খুব শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে।
