প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

primary scholarship exam routine

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৫ সালের এ পরীক্ষা আগামী ১৫ এপ্রিল থেকে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। তবে তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এর জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকালে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল পরীক্ষা শুরু হবে। প্রথম দিন ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তী সূচি অনুযায়ী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

অন্যদিকে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এসব জেলায় ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। এরপর ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে তিন পার্বত্য জেলায় পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।