দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

18th Attorney general bangladesh

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার দুপুরে আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে।

নিয়োগের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কাজল সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাচ্ছি। আল্লাহর মেহেরবানীতে সবার সহযোগিতা নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করবো, ইনশাআল্লাহ।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। আইন পেশায় যুক্ত হওয়ার আগে তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।