এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন, অনুমোদন দিল শিক্ষা মন্ত্রণালয়

HSC Exam

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাবের ভিত্তিতে সোমবার এই তারিখ অনুমোদন করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ৭ জুন থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই তারিখ অনুমোদন করেছেন। খুব শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে বলে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। ফলে ধারাবাহিকভাবে দেশের দুটি বড় পাবলিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে।