পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স আবার ৩ বছরে আনার আলোচনা

Polytechnic Institute News

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে চালু থাকা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় জানানো হয়, বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে এসএসসি বা সমমান পাস করার পর শিক্ষার্থীরা ভর্তি হয়। তবে অতীতে এই কোর্সটি তিন বছর মেয়াদি ছিল। পরবর্তীতে সময়সীমা বাড়িয়ে চার বছর করা হলেও পাঠ্যক্রম বা সিলেবাসে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়নি।

এ কারণে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ করতে অতিরিক্ত এক বছর সময় ব্যয় করতে হচ্ছে বলে আলোচনায় উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, কোর্সের সময়সীমা আবার তিন বছর করা হলে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাবে, যা তাদের ক্যারিয়ার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আরও পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।