সংসদে গুমের বিচার দাবি: ইলিয়াস আলীসহ নিখোঁজদের খোঁজ জানতে চান এমপি লুনা

elias ali wife Luna shongshod

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সংসদ সদস্য লুনা। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে বক্তব্য রাখার সময় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

লুনা বলেন, “এম ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ যারা গুম হয়েছেন, তাদের পরিবার এখনো জানতে চায়—তাদের স্বজনরা কোথায়।” তিনি আরও বলেন, “প্রায় দেড় বছর ধরে আমরা ফ্যাসিবাদমুক্ত সময় পার করছি, কিন্তু এখনো নিখোঁজদের অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই।”

সংসদ সদস্য স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও গুম হওয়া ব্যক্তিদের অবস্থান ও পরিণতি এখনো অজানা রয়ে গেছে।

তিনি গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের জোর দাবি জানান। পাশাপাশি, গত ১৭ বছরে গুম ও খুনের শিকারদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে লুনা বলেন, এতে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদ, গুম ও খুনের বাস্তব চিত্র উঠে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান-এর নেতৃত্বে দেশে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী ঢাকার বনানী এলাকা থেকে তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। তার পরিবার ও দলীয় নেতাদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে।