পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, গরমে মিলতে পারে স্বস্তি

Weather Forecast

কাঠফাটা গরমের মধ্যেই কড়া নাড়ছে পহেলা বৈশাখ। তবে এবারের বাংলা নববর্ষে প্রকৃতির আচরণে আসতে পারে ভিন্নতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উৎসবের দিনে দেশের কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ-এর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সম্ভাব্য বৃষ্টির কারণে সেদিন তাপমাত্রা সামান্য কমে গিয়ে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।

এদিকে, আজকের পূর্বাভাস অনুযায়ী সিলেট বিভাগ-এর দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকলেও দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে গরমের দাপট অব্যাহত থাকলেও বৈশাখের দিনে সম্ভাব্য বৃষ্টি উৎসবে ভিন্ন আমেজ যোগ করতে পারে।