আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

Shuvo noboborsho 1433

আজ পহেলা বৈশাখ—বাংলা নববর্ষ ১৪৩৩ সালের প্রথম দিন। পুরনো বছরের গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব। হাজার বছরের ঐতিহ্যে গড়ে ওঠা এ দিনটি এখন জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশে বসবাসরত বাঙালিরা মেতে উঠেছেন বর্ষবরণের আনন্দে।

দিবসটি উপলক্ষে পৃথক বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের সর্বজনীন উৎসব এবং এটি ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ অতিক্রম করে পহেলা বৈশাখ সবার জন্য আনন্দ ও মিলনের দিন হয়ে ওঠে। অতীতের বেদনা ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই উৎসব নতুনের আহ্বান নিয়ে আসে এবং পুরনো গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি উল্লেখ করেন, বৈশাখের সঙ্গে এ অঞ্চলের কৃষি, প্রকৃতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গভীর সম্পর্ক রয়েছে এবং লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য এ উৎসবের মাধ্যমে নতুনভাবে উজ্জীবিত হয়।

প্রধানমন্ত্রী জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই কৃষক কার্ড কার্যক্রম শুরু হয়েছে, যা কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে চলমান সংকটের প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা অত্যন্ত জরুরি। নতুন বছরে সবাইকে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। রমনার বটমূলে ছায়ানটের পরিবেশনায় বর্ষবরণের গান উৎসবের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

পাশাপাশি দেশজুড়ে বসেছে বৈশাখী মেলা। আয়োজন করা হয়েছে লাঠিখেলা, বলিখেলা, হা-ডু-ডুসহ নানা ঐতিহ্যবাহী খেলাধুলা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

সরকারি-বেসরকারি উদ্যোগে রাজধানীসহ সারাদেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩।