২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু, সাইলেন্ট এক্সপেল থাকছে না: শিক্ষামন্ত্রী

HSC Exam

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শনিবার দুপুরে এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি বা সমমানের পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার পদ্ধতি আর থাকছে না। পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে বিদ্যমান নিয়ম অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর ওয়েবসাইটে রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এ নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা পরিচালনার নিয়মাবলি, কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব, শৃঙ্খলাবিধি, নকলের শাস্তি এবং ফলাফল প্রকাশের নির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নীতিমালার মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।