কুয়েত থেকে একসঙ্গে ৩০ জনের মরদেহ ফিরল

kuwait bangladeshi dead bodies return

কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে এসব মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।

এছাড়াও একই দিনে পৃথক ফ্লাইটে মালয়েশিয়া ও লিবিয়া থেকে আরও চারজন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েত থেকে ফ্লাইট বাতিল হয়। ফলে এসব প্রবাসীর মরদেহ নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি এবং সেগুলো বিদেশেই আটকে ছিল।

পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন ও বোর্ড সভা) মো. নাজমুল হক জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও ফ্লাইট সংকটের কারণে মরদেহগুলো দেশে আনতে বিলম্ব হয়েছে। পরে আলাদা ফ্লাইটের মাধ্যমে সেগুলো দেশে ফিরিয়ে আনা হয়।