রোমানিয়ায় অবৈধ অবস্থায় থাকা বাংলাদেশিদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) Embassy of Bangladesh in Bucharest এক জরুরি ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নম্বর–৩২ অনুযায়ী নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আসা যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে গেছেন, তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হয়েছে। অফিসিয়াল গেজেট নম্বর–৩৩৫-এ প্রকাশিত এই বিধানে রাজক্ষমা কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
দূতাবাস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে রোমানিয়ায় অবস্থানরত বহু বাংলাদেশি কর্মী তাদের বসবাস ও কাজের বৈধতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
ঘোষণায় বলা হয়, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন জটিলতায় অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধার আওতায় আসতে পারবেন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় গিয়ে যদি সংশ্লিষ্ট কোম্পানিতে চাকরি না পান এবং ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে না পান, তাহলে তিনি অবৈধ হয়ে যান।
এছাড়া কিছু ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের বেতন থেকে কর কেটে নিলেও তা সরকারি কোষাগারে জমা দেয় না অথবা সময়মতো প্রয়োজনীয় টিআরসি আবেদন সম্পন্ন করে না। এর ফলেও অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।
দূতাবাস জানিয়েছে, নতুন আইনের কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে অবৈধ হয়ে যাওয়া ব্যক্তিদের Romanian Immigration Office-এ যোগাযোগ করতে হবে। তবে এজন্য অবশ্যই নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে নতুন ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। এরপর টিআরসি কার্ডের জন্য আবেদন করা যাবে।
তবে যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ বা দেশত্যাগের নির্দেশ পেয়েছেন কিংবা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় থাকবেন না।
দূতাবাস আরও জানিয়েছে, এই সুযোগ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
