পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।
গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওইদিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে।
তবে সরকারি অফিসের ছুটির সূচিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির ক্যালেন্ডারে কোনো পরিবর্তন আনা হয়নি।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।
কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিন।
অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন। সাপ্তাহিক বন্ধসহ শিক্ষার্থীরা সেখানে টানা ২১ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
সরকারের এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাওয়া ও পারিবারিক আয়োজনের জন্য দীর্ঘ ছুটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
