মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রিয়েলটর গুলশান আহমেদের মৃত্যু

michigan-road-accident-bangladeshi

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্টার্লিং হাইটসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও রিয়েলটর এমডি গুলশান আহমেদ।

রোববার (১৭ মে) দুপুর ১টা ৭ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

পরিচিতজনরা জানান, গুলশান আহমেদ অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় একজন মানুষ ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাকে নিয়মিত অংশ নিতে দেখা যেত।

জানা গেছে, শনিবার (১৬ মে) রায়ান রোডের ১৯ মাইল ও হল রোডের মাঝামাঝি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে বউমন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মারা যান।

দুর্ঘটনার পর তদন্তের স্বার্থে পুলিশ প্রশাসন সাময়িকভাবে রায়ান রোডের বিভিন্ন দিক থেকে যান চলাচল বন্ধ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

গুলশান আহমেদের আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। অনেকে তার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।